২০ জুলাই, ২০২৬ ১৯:৪৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ জন শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয় লোকজনের সহায়তায় এই যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে।
আজ সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে আসা ১০ সদস্যের এই পর্যটক দলটি হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। জলপ্রপাতে যাওয়ার দুর্গম পাহাড়ি পথে তাদের মধ্যে একজন পর্যটক পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পান। একদিকে পাহাড়ি দুর্গম পথ, অন্যদিকে আহত সহযাত্রীকে নিয়ে নিরাপদে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ায় তারা জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ কল করে দ্রুত সাহায্যের আবেদন জানান।
জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এর মাধ্যমে খবর পেয়ে বিকেল ৩ টায় কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
সম্মিলিত তৎপরতায় বিকেল পৌনে ৫ ঘটিকায় আটকে পড়া ১০ পর্যটককে অক্ষত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।
উদ্ধার অভিযান শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত দলের বাকি ৯ জন সদস্য সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় প্রশাসন জানায়, বর্ষা মৌসুমে হামহাম জলপ্রপাতের পথে পাথর ও পাহাড়ি ছড়া পিচ্ছিল হয়ে যায়। এ সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, দলবদ্ধভাবে চলাচল এবং জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, '৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই আমরা ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দুর্গম পাহাড়ি পথ হওয়া সত্ত্বেও সমন্বিত প্রচেষ্টায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত পর্যটককে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।'
শ্রীমঙ্গল ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ মো.কামরুল ইসলাম বলেন, ১০জন ট্যুরিষ্টকে আমরা যৌথ উদ্যোগে উদ্ধার করি। তারমধ্যে একজন আহত হয়েছেন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেওয়া হয়,পরে সবকিছু শেষে তারা নিজ গন্তব্যে রওনা দেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃতদের মধ্যে আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অন্য নয়জন সুস্থ ও নিরাপদে রয়েছেন।
তিনি দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সতর্ক থাকা ও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আপনার মন্তব্য