নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৬ ১৪:১৩

রাষ্ট্রপতির পদে ‘সর্বজনশ্রদ্ধেয় ও দায়িত্বশীল’ কাউকে চায় জামায়াত

রাষ্ট্রপতির পদে সর্বজনশ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া সেলের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার দুপুরে সিলেট আলিয়া মাদরাসা ময়দানে সমাবেশের প্রস্তুতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদ বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক হলেও বর্তমান ব্যবস্থায় এ পদটির কার্যকর ভূমিকা সীমিত। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, রাষ্ট্রের সংকটময় সময়ে দায়িত্বে থাকা কয়েকজন রাষ্ট্রপতি তাঁদের শপথ ও সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি। এমনকি জাতীয় দুর্যোগ ও গণহত্যার মতো ঘটনায়ও তাঁদের মধ্যে প্রত্যাশিত দায়িত্ববোধের ঘাটতি ছিল বলে মন্তব্য করেন তিনি।

জুবায়ের বলেন, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে এমন একজন ব্যক্তিকে বসানো উচিত, যিনি সর্বজন শ্রদ্ধেয়, গ্রহণযোগ্য, দায়িত্বশীল।

তিনি আশা প্রকাশ করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত দলের দায়িত্ব হবে এসব বিষয় বিবেচনায় নিয়ে যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা।

এদিকে, শনিবার আলিয়া মাদরাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। সমাবেশ থেকে আসতে পারে নতুন কর্মসূচি। রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশের ধারাবাহিক কর্মসূচির সমাপনী আয়োজন হচ্ছে সিলেটে।

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখবেন। সমাবেশ শুরু হবে দুপুর ২ টায়।

গণভোট বাস্তবায়ন ও সংবিধান সংস্কারে সমাবেশ থেকে নতুন রাজনৈতিক কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানান জোটের নেতারা।

আপনার মন্তব্য

আলোচিত