২৫ জুলাই, ২০২৬ ০০:৫২
মৌলভীবাজারের রাজনগরে অনলাইন জুয়ায় পরিবারের প্রায় এক লাখ টাকা হারিয়ে তা গোপন করতে ছিনতাইয়ের সাজানো নাটক করেছেন এক সিএনজি অটোরিকশাচালক। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি নিজেই ধারালো বস্তু দিয়ে নিজের শরীরে একাধিক আঘাত করেন। তবে রাজনগর থানা পুলিশের নিবিড় তদন্তে পুরো ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজনগর থানার ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের হালদার গ্রামের বাসিন্দা সুজন মিয়া (২৬) দাবি করেন, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাটির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে ভিকটিমের সঙ্গে কথা বললে তার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে তার গ্রামের পরিচিত ব্যক্তি ও বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, সুজন মিয়া দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার আসক্ত।
এ ছাড়া তার শরীরের আঘাতের ধরন এবং পরিহিত শার্ট পরীক্ষা করে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। তদন্তে পুলিশের কাছে প্রতীয়মান হয়, শরীরের ক্ষতগুলো ব্লেড বা অন্য কোনো ধারালো বস্তু দিয়ে নিজেই তৈরি করা হয়েছে।
পরে নিবিড় জিজ্ঞাসাবাদে সুজন মিয়া স্বীকার করেন, তিনি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এ পরিবারের প্রায় এক লাখ টাকা হারিয়ে ফেলেন। বিষয়টি পরিবারের কাছ থেকে গোপন রাখতে তিনি পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজান। ঘটনাকে বাস্তব মনে করাতে একটি নেইল কাটারের ছোট ছুরি ব্যবহার করে নিজের শরীরে একাধিক আঘাত করেন।
স্বীকারোক্তিতে তিনি আরও জানান, পরিকল্পনার অংশ হিসেবে আগে থেকেই এক বন্ধুকে বিষয়টি জানিয়ে রেখেছিলেন। পরিকল্পনা অনুযায়ী, তিনি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকবেন এবং স্থানীয়রা তার বন্ধুকে ফোন করলে তিনি এসে উদ্ধার করার অভিনয় করবেন।
পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী তার ওই বন্ধু মেদিনীমহল এলাকার এক আত্মীয়ের বাড়িতে অপেক্ষা করছিলেন। স্থানীয়দের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সুজন মিয়াকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাজনগর থানা পুলিশ জানায়, নিবিড় তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয়েছে। সাজানো ছিনতাইয়ের নাটকের বিষয়টি নিশ্চিত হওয়ায় এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ একই সঙ্গে অনলাইন জুয়া ও বেটিংয়ের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
আপনার মন্তব্য