নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৬ ১৮:২৬

কথা না শুনলে সরকারের ঘাড় ধরতে আমাদের হাত কাঁপবে না: মামুনুল হক

সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করলে ক্ষমতায় থাকার কোন অধিকার আপনাদের থাকবে না। আপনাদের প্রথমে পায়ে ধরে বলব, পরে হাতে ধরে বলব, তাতেও যদি কথা না শুনেন, ঘাড় ধরতে আমাদের এতটুকু হাত কাঁপবে না।

শনিবার (২৫ জুলাই) সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, যে পথেই হোক আপনারা সরকার গঠন করেছেন, কিন্তু গণভোটের ৭০ শতাংশ মানুষের রায় নিয়ে যদি ছিনিমিনি খেলেন, তবে আপনাদের ইতিহাস মনে করিয়ে দিতে চাই, ১৯৭০ সালে পাকিস্তানি সরকার ভোটের রায় অবজ্ঞা করেছিল। তার ফলে মুক্তিযুদ্ধ হয়েছিল। ফ্যাসিবাদী হাসিনাও জনগণের ভোটের সুযোগ দেয়নি। তাকে কেবল ক্ষমতা নয়, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।

বিদায়ী রাষ্ট্রপতি ইস্যুতে তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম, চুপ্পুকে রাইখেন না। আপনারা শুনলেন না। কথাটা আপনাদের ভালো লাগল না। আজকে যখন রাষ্ট্রপতির মসনদে বসে আপনাদের ছোবল দিতে উদ্যত হয়েছে, তখন স্পিকার ২৪ ঘণ্টার নোটিশে হাসপাতাল থেকে ডেকে এনে চুপ্পুকে সরালেন। সে-ই তো পানি খেলেন, ঘোলা করে খেলেন।

নিজেদের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ঐক্য কেবল ক্ষমতা আর নির্বাচনের জন্য হয়নি। এই ঐক্য হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে, জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে। এই লক্ষ্য বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব। শহিদের স্বপ্ন বাস্তবায়ন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।

শনিবার দুপুরে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত