সুনামগঞ্জ প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২৬ ০১:৫৪

সুনামগঞ্জের অনেক এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের অংশ হিসেবে শনিবার (৮ আগস্ট) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে শহরের ১৪টি এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে আজ শুক্রবার রাতে জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি পিডিবির সুনামগঞ্জ দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

পিডিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে সুনামগঞ্জ শহরের সড়ক ও জনপথ বিভাগের সামনের ১১ কেভি থানা ফিডার ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তর করা হবে। এর জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা ফিডারের আওতাধীন গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধ থাকার এলাকাগুলো হলো—শহরের পিটিআই স্কুল এলাকা, আমপাড়া, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, সোমপাড়া, আরপিননগর (আংশিক), মুক্তারপাড়া, পৌরবিপণি, কালীবাড়ি, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গন মার্কেট এলাকা ও এসপি বাংলো এলাকা।

পিডিবির সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ বলেন, সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণের জন্য বিদ্যুতের ফিডার স্থানান্তর করা হবে। এ কারণে আগামীকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিকেল ৫টার মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত