দিরাই প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২৬ ২০:০২

১৪৪ ধারা ভঙ্গ করে দিরাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ

উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জের দিরাইয়ে মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। শনিবার (৮ আগস্ট) দুপুরে পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে থানা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় মিছিল ও পাল্টা মিছিল করেন দলটির দুই পক্ষের নেতাকর্মীরা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই দিরাই পৌর শহরে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড ও বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থক নেতাকর্মীরা গত ৬ আগস্ট জুলাই স্মরণে দিরাই থানা পয়েন্টে একটি সমাবেশ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

অপরদিকে জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও নাছির উদ্দিন চৌধুরীর ছোট ভাই, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক সমর্থিত নেতাকর্মীরা।

তবে এ সমাবেশের প্রতিবাদ জানায় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থক নেতাকর্মীরা। শুক্রবার রাতে তারা দিরাই থানা পয়েন্টে মিছিল করে সমাবেশের প্রতিবাদ জানান।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিরাই থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তবে প্রশাসনের এ নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার সকালে থানা পয়েন্ট এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা মিছিল ও পাল্টা মিছিল করেন। পরে দুপুরে পাভেল চৌধুরী ও মঈন উদ্দিন চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা বাগানবাড়ি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করেন।

দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার অপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, অ্যাডভোকেট ওবায়দুর চৌধুরী মিশু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ, জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সমাবেশে মাসুক চৌধুরী বলেন, অসুস্থ এমপি সাবকে (সাংসদ নাছির চৌধুরীকে) দুর্নীতিবাজ সিন্ডিকেট ও আওয়ামী ফ্যাসিস্টরা ঘিরে রেখেছে। নাছির চৌধুরীর ৪০ বছরের অর্জনকে তারা ধুলিস্যাৎ করতে চায়, আমরা তা মানতে পারি না।

তিনি বলেন, আমরা কেউ এমপি সাবের বিরুদ্ধে নয়, আমরা এমপি সাবকে দুর্নীতিবাজদের সিন্ডিকেট থেকে মুক্ত করে জনতার নেতা, তৃণমূলের নেতা নাছির চৌধুরীকে জনতার কাছে মুক্ত করে নিয়ে আসতে চাই।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, দিরাই শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। সকাল থেকেই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মিছিল-সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। মিছিলের পর এক পক্ষ সমাবেশ করেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘাতের সৃষ্টি হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত