মৌলভীবাজার প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২৬ ১১:৩৭

কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

রোববার ভোর তিনটা ৪৫ মিনিটে ভারতের মাগুরুলি নামক স্থানে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

মাগুরুলি এলাকাটি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে।

নিহত মো. তারা মিয়া (২০) উপজেলার মুড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেক এর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও চোরাকারবারের অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল আসিফ বলেন, শনিবার রাতে চার/পাঁচজন চোরাকারবারী অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর বিএসএফ গুলি চালায়, এতে তারা মিয়া গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে।

তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পরপর এ বিষয়ে ভারতীয় বিএসএফের কমান্ডারদের সঙ্গে কথা হয়েছে। এ সময় তিনি এর জন্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পক্ষান্তরে বিএসএফ তাকে জানিয়েছে কয়েকজন চোরাকারবারি বিএসএফের দিকে তেড়ে আসছিল। বাধ্য হয়ে তারা গুলি করেছে।

৪৬ বিজিবির অধিনায়ক আরও বলেন, ভারতেই পোস্টমর্টেমসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করে ভারতীয় পুলিশ নিহতের লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে। তারা এ কাজগুলো এখন চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত