শ্রীমঙ্গল প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২৬ ১৮:০৫

স্থানীয় সরকারের নির্বাচন কবে, শ্রীমঙ্গলে এসে জানালেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থ বছরেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করব। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা বাজেটে রাখা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বসে কোন নির্বাচন আগে ও কোনটি পরে হবে, সে সিদ্ধান্ত নেবে। তবে এই অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করব।

শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ, পরিছন্নতা কর্মীদের জন্য নির্মানাধীন ভবন, তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের পৌরসভার ময়লার ভাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বলেন তিনি।

শুক্রবার (১৪ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব জায়গা পরিদর্শন করেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, শ্রীমঙ্গলের ময়লার ভাগাড়ের জন্য শহরের বাইরে সরকারি নিরাপদ জায়গা খোঁজা হবে। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট করে ময়লা থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের একজন বর্জ্য ব্যবস্থাপনা পরামর্শককে শ্রীমঙ্গলে পাঠানো হবে।

এ ছাড়া পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে। ছয় মাস পর এসব প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত