নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৬ ২২:২০

শাহজালাল মাজারের দানবাক্সে শেখ হাসিনার ‘হায়াত ও প্রত্যাবর্তন’ কামনায় চিঠি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘হায়াত ও দেশে প্রত্যাবর্তন’ কামনা করে দেওয়া একটি চিঠি পাওয়া গেছে।

শনিবার মাজারের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া গেলে সেখানে উপস্থিত লোকজনদের সামনে সেটি প্রদর্শন করা হয়।

চিঠির নিচে সিলেটের আওয়ামী লীগ সমর্থক সজিব নামের এক ব্যক্তির নাম রয়েছে; যিনি নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা বলেছেন।

চিঠিতে তিনি শেখ হাসিনার হায়াত কামনার পাশাপাশি ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

চিঠিতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তিনি লেখেন, ‘হে আল্লাহ তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন।’ এরপর ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি জুলাইয়ের আন্দোলনের পর দায়ের হওয়া ‘ষড়যন্ত্রমূলক’ মামলা থেকে শেখ হাসিনাকে এবং ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সুরক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

এদিন ডেগ ও দানবাক্সে বিপুলসংখ্যক টাকার পাশাপাশি আরও কয়েকটি চিঠি পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে এসব চিঠি লেখা হয়েছে।

হযরত শাহজালাল (রহ.) মাজারের বহু বছরের প্রথা ভেঙে প্রকাশ্যে প্রথমবারের মত টাকা গণনা করা হয় ২২ জুন। জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স স্থাপনের মাত্র চার দিনের মাথায় এ গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।

পরে ১১ জুলাই দ্বিতীয়বার দানবাক্স খোলা হয়; সেসময় পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এর মধ্যে বাংলাদেশি মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ-অন্যান্য সামগ্রীও ছিল।

এবার তৃতীয় দফায় ৩৪ দিনে মাজারের দানবাক্সে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, স্বর্ণও রুপাসহ বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা পাওয়া গেছে।

গণনা শেষে বিকেলে টাকাসহ আর কী কী পাওয়া গেছে সে ঘোষণা দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান, মাজারে নগদ টাকা ছাড়াও ২ ভরি ১ রতি স্বর্ণ, রৌপ্য ১ ভরি ২ আনা পাওয়অ গেছে।

বিদেশি মুদ্রার মধ্যে ৩১.১১ পাউন্ট, ৩২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি, সৌদির ৭০ রিয়াল, মালয়েশিয়ার ৮৩ রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, নেপালের ১০০ রুপি, ওমানের ১০০০ বায়সা, আরব আমিরাতের ৬৪ দিরাম, ইরাকের ২৫০ দিনার, তুর্কির ৯০ লিরা, ভিয়েতনামের ১০০০ ডং, জাপানের ১০০০ ইয়েন, কাতারের ১১২ রিয়াল, লেবাননের ১০ পাউন্ট, মিসরের ১০ পাউন্ট, .৪০ ইউরো, বাহরাইনের ১ পয়সা, কানাডিয়ান ১ ডলার।

এছাড়া নজরানা হিসেবে গরু-ছাগল, হাস-মুরগীও পাওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত