শ্রীমঙ্গল প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২৬ ২৩:১১

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন ইয়াকুব, তাজুকে অব্যাহতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. ইয়াকুব আলী। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

১৬ আগস্ট রবিবার মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠি জারির তারিখ থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।

দলীয় সূত্রে জানা যায়, মো. ইয়াকুব আলী শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে ইয়াকুব আলীকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় দলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি পাবে।

জেলা বিএনপির চিঠিতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মো. ইয়াকুব আলীকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি বিশেষ করে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানান।

মো. ইয়াকুব আলী বলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে সর্বাত্মকভাবে কাজ করে যাব।

আপনার মন্তব্য

আলোচিত