১৯ আগস্ট, ২০২৬ ০১:০০
সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি ফার্মে হামলা চালিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ ওঠেছে। এ অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ এক তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিশাত আবেদীন (২৩), রহিত আরমান (২৪) ও নাজমুল (২০)। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গত ১৩ আগস্ট জিন্দাবাজার এলাকার এলিগ্যান্ট শপিং সেন্টারের ‘প্রাইম গ্লোবাল’ নামক স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি ফার্মে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ব্যাপারে শনিবার (১৫ আগস্ট) সিলেটের কতোয়ালি থানায় মামলা করেন প্রাইম গ্লোবাল’র সত্ত্বাধিকারী মোহাম্মদ নজির হোসেন।
এজাহারে তিনি অভিযোগ করেন, নিশাত আবেদীন নামের ওই তরুণী প্রাইম গ্লোবালের রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি চাকরি ছেড়ে চলে যান। চাকরিতে থাকাকালীন সময়ে নিশাত আবেদীন প্রতিষ্ঠানের প্রচারণামূলক ভিডিও শ্যুটে অংশ নেন। যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় দেয়া হয়।
মোহাম্মদ নজির হোসেনের অভিযোগ, চাকরি ছাড়ার পর নিশাত আবেদীন এসব ভিডিও ডিলিট করার জন্য চাপ দিতে থাকেন। এমনকি প্রতিষ্ঠানের কর্মীদের সাথেও দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে নিশাত আবেদীনের ভিডিওগুলো ডিলিট করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ভিডিও ডিলিটের পরও গত ১৩ আগস্ট নিশাত আবেদীন আরও ৪/৫ জন পুরুষসঙ্গী নিয়ে প্রাইম গ্লোবাল-এ হামলা চালান। এসময় প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী অফিসে ছিলেন না। তারা অফিরে গ্রিল ভেঙে ওই কনসালটেন্সি প্রতিষ্ঠান থেকে ২টি সিপিইউ, ৩ টি মনিটর, ১ টি ল্যাপটপ, ১ টি হেডফোন, এয়ারপড, ইউপিএস এবং নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। এবং অফিসে ব্যাপক ভাঙচুর করেন।
লুটপাট ও অফিস ভাঙচুরের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে জানান প্রাইম গ্লোবাল’র সত্ত্বাধিকারী মোহাম্মদ নজির হোসেন।
এ ব্যাপারে মামলা দায়েরের পর পর নিশাত আবেদীন, রহিত আরমান ও নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, আসামিরা লুটপাট করা অনেক কম্পিউটার সামগ্রী নগরের করিমউল্লাহ মার্কেটের একটি দোকানে বিক্রি করে দেয়। গ্রেপ্তারের পর তাদের নিয়ে অভিযান চালিয়ে লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই তরুণীর বাসা থেকে ল্যাপটপসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মামলাটির তদন্তকারী কর্মকর্তা কতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ বলেন, মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। লুট হওয়া কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।
আপনার মন্তব্য