মো: নাজমুল ইসলাম, বড়লেখা

২১ আগস্ট, ২০২৬ ১৪:০৯

স্বাক্ষর দিতে গিয়ে পৌর প্রশাসক দেখলেন জন্মনিবন্ধন জাল

বড়লেখায় যুবককে অর্থদণ্ড

প্রতীকি ছবি

মৌলভীবাজারের বড়লেখায় জালিয়াতি করে তৈরি করা জন্মনিবন্ধন সনদে পৌর প্রশাসকের স্বাক্ষর নিতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। যাচাই করে সনদটি জাল প্রমাণিত হওয়ায় তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বড়লেখা পৌরসভায় এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া যুবকের নাম আসাদুল ইসলাম পলাশ (২৮)। তিনি পৌরশহরের হাটবন্দ এলাকার আব্দুল হকের ছেলে।

পৌরসভা সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম নিজের নামে একটি জন্মনিবন্ধন সনদ তৈরি করেন। পরে সেটিতে পৌর প্রশাসকের স্বাক্ষর নেওয়ার জন্য বৃহস্পতিবার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার কার্যালয়ে যান। সনদটি দেখে সন্দেহ হলে পৌর কর্তৃপক্ষ সেটি যাচাই-বাছাই করে। একপর্যায়ে সনদটি জাল বলে নিশ্চিত হওয়া যায়।

এরপর আসাদুল ইসলাম পলাশকে আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ২১(২) ধারা লঙ্ঘনের অপরাধে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক নাঈমা নাদিয়া বলেন, ‘জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন তৈরির দায়ে ওই যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

আপনার মন্তব্য

আলোচিত