২১ আগস্ট, ২০২৬ ১৬:০৯
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে চলছে বিভাগীয় বৃক্ষমেলা। মেলার ৭ নং স্টলের সিলেট নার্সারির একটি গাছে ঝুলছে লাল রঙের লোমশ কিছু ফল। এই ফলকে আবার অনেকে ফুল মনে করে হাত দিতে চাইলেও হাত দিতে পারছেন না। কারণ পাশেই সাদা কাগজে লিখা আছে ‘ফলে হাত দিবেন না’।
দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা গাছটি সম্পর্কে জানতে চাইলে সিলেট নার্সারির মালিক মলয় লাল ধর বললেন, রামবুটান মূলত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া (মালয় দ্বীপপুঞ্জ) অঞ্চলের আদি ফল। এই বৃক্ষমেলায় আমরাই প্রথম এই ফলের গাছটি এনেছি। এটা শুধুমাত্র প্রদর্শনীর জন্য না সঠিক দাম পেলে বিক্রি করবো।
ঐতিহাসিকভাবে মালয় দ্বীপপুঞ্জতে ফলটির উৎপত্তি হলেও পরবর্তীতে তা দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনপ্রিয় হয়ে উঠে রামবুটান ফল। মালয় ও ইন্দোনেশীয় ভাষায় চুলকে বলা হয় 'রামবুট'। আর এই ফলের খোসার ওপর চুলের মতো নরম কাঁটা থাকার কারণে এই নামকরণ করা হয় রামবুটান। বর্তমানে সবচেয়ে বেশি রামবুটান উৎপাদন হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে। এছাড়া ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা এবং ভারতের কিছু অঞ্চলেও এটি ব্যাপকভাবে চাষ করা হয়।
পাকা রামবুটান সাধারণত উজ্জ্বল লাল, মেরুন, কমলা বা হলুদ রঙের হয়ে থাকে। এর উপরিভাগ কদম ফুলের মতো নরম ও লোমশ তন্তু দিয়ে ঢাকা থাকে। খোসাটি ছাড়ালেই ভেতরে লিচুর মতো সাদা বা হালকা গোলাপি রঙের রসালো শাঁস এবং একটি শক্ত বীজ দেখা যায়। এটি খেতে অত্যন্ত মিষ্টি, সুগন্ধযুক্ত এবং কিছুটা আঙুর বা পাকা নাশপাতির মতো টক-মিষ্টি স্বাদের মিশ্রণ।
রামবুটানে আছে উচ্চমাত্রার ভিটামিন সি আছে, যা শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এবং ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে। ফলটিতে থাকা আয়রন শরীরে রক্ত তৈরিতে এবং অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। রামবুটানে ভালো পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়া উন্নত করে। এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বককে বলিরেখামুক্ত ও উজ্জ্বল রাখতে এবং চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে।
সম্প্রতি বাংলাদেশেও রামবুটানের চাষা শুরু হয়েছে। ফলটির উচ্চ বাজারমূল্য ও ব্যাপক চাহিদার কারণে দেশের শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের কাছে এই ফল অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। রামবুটান গাছের চাহিদা থাকায় ফলসহ একটি গাছের পাশাপাশি রামবুটানের ছোট চারা ও কলম গাছও বিক্রির জন্য স্টলে তুলেছেন সিলেট নার্সারির মালিক মলয় লাল ধর।
তিনি জানান, তিনবছর আগে তিনি বেশ কয়েকটি রামবুটানের ছোট চারা কিনে এনেছিলেন। এরপর এগুলোকে পরিচর্যা করে ফলন ফলান। কয়েকটি গাছ তার দোকান থেকে বিক্রি হয়ে গেলেও তিনি বৃক্ষমেলার জন্য এই গাছটি রেখে দেন। ফলসহ এই গাছটির পাশাপাশি তার কাছে রামবুটানের ৫ ফুট থেকে ৬ ফুট আকারের ছোট চারা ও ২ থেকে ৩ ফুট কলম আছে। যেগুলোর দাম পরবে ১ হাজার থেকে ১২শ টাকা।
মলয় লাল ধর বললেন, রামবুটান ফলসহ যে গাছটি মেলায় আছে সেটি আমি তিন বছর ধরে পরিচর্যা করে ফলন ধরিয়েছি। এই গাছে অনেকগুলো রামবুটান ফল আছে। এর দাম এক লাখ চেয়েছি। এখন পর্যন্ত ৪০ হাজার দাম উঠেছে। তবে আরকেটু বেশি পেলে বিক্রি করে দেবো। রামবুটান অনেক সম্ভাবনাময় ফল। কৃষি উদ্যোক্তা যারা আছেন তারা চাইলে এই ফল চাষ করে অনেক লাভবান হতে পারবেন। তবে গাছ কিনে নিয়ে শুধু লাগালে হবে না। গাছ লাগানোর জন্য সঠিক মাটি নির্ধারণ ও সঠিক পরিচর্যা প্রয়োজন।
আপনার মন্তব্য