২১ আগস্ট, ২০২৬ ২৩:৩৭
দিরাইয়ে বিজিবির সদস্য পরিচয়ে আবাসিক হোটেলে কক্ষ ভাড়া নিয়ে চুরির অভিযোগে মো. সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ব্যাগসহ হোটেল থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সাইফুর রহমান রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট দুপুরে সাইফুর রহমান নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌর শহরের জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেলে অবস্থানকালে তাকে প্রায়ই বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরিহিত অবস্থায় দেখা যেত।
গত ২০ আগস্ট বিকেলে বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরে এবং বিজিবির পোশাকের কাপড় দিয়ে তৈরি একটি লোগোযুক্ত ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হন তিনি। যাওয়ার সময় কক্ষের চাবি হোটেলকর্মীর কাছে রেখে যান এবং বাইরে কাজ আছে, কাজ শেষে ফিরে আসবেন বলে জানান।
তার সঙ্গে ব্যাগ নিয়ে বের হওয়ার বিষয়টি হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে কক্ষটি খুলে তল্লাশি করা হয়। এ সময় কক্ষে থাকা ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের মিরর, বেসিন সেলফ ও একটি তোয়ালে পাওয়া যায়নি।
পরে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি মালিককে জানালে তারা স্থানীয়দের সহায়তায় ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে সাইফুর রহমানকে আটক করে দিরাই থানায় নিয়ে আসেন। তার কাছ থেকে হোটেল থেকে চুরি যাওয়া মালামাল শনাক্ত করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি সরকারি কর্মচারীর পোশাক পরিধানের কথা এবং হোটেলের কক্ষ থেকে উল্লেখিত মালামাল চুরির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করছিলেন। তার কাছ থেকে বিজিবির পোশাক ও লোগোযুক্ত ব্যাগসহ হোটেল থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য