কানাইঘাট প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৬ ২৩:৪৪

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মামলার পর গ্রেপ্তার ৪

সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাতে এবং শনিবার ( ২২ আগস্ট) অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো: নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় উরফে মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯)।

জানা যায়, গত শুক্রবার বিকাল ৪টার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সমর্থিত কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ব্যানারে ২৫/৩০ জন নেতাকর্মী কানাইঘাট সদর ইউনিয়নের চতুল-দরবস্ত সড়কের বারহাল ব্রীজের উপর কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল করে। মিছিলের ভিডিও করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়। মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা এর আগেই পালিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামীদের মধ্যে এ ৪জনকে গ্রেফতার করা হয়।

মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত