২১ নভেম্বর, ২০২৬ ২০:১৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ সদস্যরা।
আটককৃত শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় জিরো পয়েন্টের কাছে অন্যান্য শ্রমিকের সঙ্গে পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর আনতে গিয়ে তিনি ও তার সহযোগীরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু সে পাথর সংগ্রহ করতে মরকিটিলা এলাকায় চলে যায় এবং অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। এ ঘটনায় তিনি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে ওই যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে।
এরআগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিছনাকান্দি সীমান্তের পর্যটন স্পট এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশ করে এক পর্যটককে বিএসএফ সদস্যরা গালিগালাজ করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিজিবি সদস্যরা এক বিএসএফ সদস্যকে দুটি অস্ত্রসহ আটক করে হেফাজতে নেন। পরে একই দিন রাত ৭টার দিকে ১২৬৩ নম্বর পিলার সংলগ্ন সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হয়।
আপনার মন্তব্য