দিরাই প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২৬ ২০:৩৭

দিরাইয়ে ডোবা দখলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ডুবা (জলাশয়) দখলকে কেন্দ্র করে ঘাগটিয়া ও চিতলিয়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামের লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঘাগটিয়া গ্রামের ৪-৫ জন ব্যক্তি চিতলিয়া গ্রামের একটি ডুবা দখলের উদ্দেশ্যে সেখানে গিয়ে ডুবাপাড়ে ঘর নির্মাণের উদ্যোগ নেন। এ সময় চিতলিয়া গ্রামের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

এর জেরে শনিবার সকালে চিতলিয়া গ্রামের লোকজন ঘাগটিয়া গ্রামের পাশ দিয়ে বাজারে যাওয়ার পথে ঘাগটিয়া গ্রামের কিছু লোক তাদের বাধা দেন। বাজারে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় গ্রামের অন্তত ১৭ জন আহত হন।

সংঘর্ষে ঘাগটিয়া গ্রামের আহতরা হলেন নয়ন মিয়া (২০), সুমন (২২), তাহির মিয়া (১৪), তাজুল ইসলাম (৩৮)।

অন্যদিকে চিতলিয়া গ্রামের আহতরা হলেন সেতু চৌধুরী (৪০), নকুল দাস (৪৮), বিপলু (২৮), ইন্দ্রজিত (৩০), ফুলকান্ত (৫০), জগৎজ্যোতি (৪৫), হেমেন্দ্র দাস (৬০), জয় দেব দাস (৯০), আউলা চরন দাস (৬০), রতন দাস (৬৫), বিরাজ দাস (২৮), কালি কৃষ্ণ (৫৪) ও ব্রজবাসী (৪৫)।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্রশান্ত দাস তালুকদার জানান, আহতদের মধ্যে তাজুল ইসলাম ও সেতু চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত