সিলেটটুডে ডেস্ক

২৭ মার্চ, ২০১৬ ২১:৫৫

নাটকের জন্য স্থায়ী মহড়া কক্ষ পেলেন সিলেটের নাট্যকর্মীরা

রোববার সিলেটে নাট্যকর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নাটকের স্থায়ী মহড়া কক্ষের উদ্বোধন হলো। সিলেট সিটি কর্পোরেশন সারদা হল সন্নিকটে দ্বিতল ভবনের তৃতীয় তলায় তিন কক্ষ বিশিষ্ট এই মহড়া কক্ষ নির্মাণ করে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আবেদনের প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত’র নির্দেশনায় সিলেট সিটি কর্পোরেশন প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে সম্মিলিত নাট্য পরিষদের জন্য ও নাটকের মহড়ার জন্য এটি নির্মাণ করা হয়। রোববার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এনামুল হাবীব।

বিকাল ৪টায় এ উপলক্ষে নবনির্মিত মহড়া কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ কুমার দেব।

রজত কান্তি গুপ্তের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিস্টার মোঃ আরশ আলী, সংস্কৃতির ব্যক্তিত্ব এ.কে. শেরাম, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক নিরঞ্জন দে যাদু, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক আফজাল হোসেন, প্রাক্তন সহসভাপতি মিশফাক আহমেদ মিশু, বর্তমান সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার ক্রীড়া সংগঠক ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুল হক। অনুষ্ঠানে সম্মিলিত নাট্য পরিষদের অন্তর্ভূক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিপুল সংখ্যক নাট্যকর্মী উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে সিলেটের নাট্য কর্মীদেরকে তাদের কর্মকান্ডে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করে আসছে। নবনির্মিত মহড়া কক্ষ নির্মাণের ফলে সিলেটের নাট্যকর্মীরা বিশ্ব নাট্য দিবসের দিনে এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। তারা সিটি কর্পোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, নাট্যকর্মীরা সমাজ ও দেশের কল্যাণের লক্ষে কাজ করে। তাদের এই কাজকে মূল্যায়ন করে সিটি কর্পোরেশন যে নতুন মহড়া কক্ষ নির্মাণ করেছে,  তা অবশ্যই নাট্যকর্মীদেরকে কৃতজ্ঞতা পার্শ্বে আবদ্ধ করল। বক্তারা এই কাজে উৎসাহ প্রদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এম.পিকে কৃতজ্ঞতা জানান এবং সংস্কৃতি কর্মীদের জন্য দ্বিতল ভবন নির্মাণে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে কৃতজ্ঞতা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, নাট্য পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মহড়া কক্ষের ফলক উন্মোচন করেন। এখন থেকে প্রতিদিন সম্মিলিত নাট্য পরিষদের মাধ্যমে নাট্যদলগুলো নাটকের মহড়া কার্যক্রম করতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত