নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০১৭ ০১:৪৬

ভোলাগঞ্জ ও জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে বোমা মেশিন ধ্বংস

কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ ও গোয়াইনঘাটের জাফলংয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বেশ কয়েকটি বোমা মেশিন ধ্বংস ও শ্যালো মেশিন ধ্বংস করা হয়। এছাড়া জাফলংয়ে থেকে ৫ জনকে আটক ও ভোলাগঞ্জে একজনকে জরিমানাও করা হয়।

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোলাগঞ্জে রেলওয়ের বাঙ্কারের পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে ১৬টি বোমামেশিন ভেঙ্গে বালি দেওয়া হয়েছে। এছাড়া ৪টি বোমা মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পরিবেশ আইনে প্রাকৃতিক পরিবেশ নষ্টের দায়ে মোবাইল কোর্টে ১জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, জাফলংয়ে পিয়াইন নদীর চা বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিনে’র নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ধ্বংস ও মেশিনের ৬শ’ ফিট পাইপসহ সরঞ্জাম জব্দ করা হয়।

একই সাথে পাথর উত্তোলনের কাজে জড়িত থাকার অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করা হয় । আটক ব্যক্তিরা হলেন আজিজ মিয়া, ইসহাক মিয়া, আলিম উদ্দিন, বিল্লাল ও শামীম। এ সময় গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত