০৬ আগস্ট, ২০১৭ ১৮:৩৯
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
রোববার (৬ আগষ্ট) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯ টার সময় জায়গা সংক্রান্ত বিষয়াদি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন নাদামপুর গ্রামের রুপা মিয়া ও ওয়ারিদ উল্ল্যার লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রংমালা বিবি(৫৫), আবু মিয়া (৪০), ছানু মিয়া (২৪) ও মনু মিয়া (২৭)-কে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন, একই এলাকার মনু মিয়া(৩০), সোনাই মিয়া(৫১), ছানু মিয়া(২৪), আকবর আলী(৪০), তাজ উদ্দিন(৫৫), সুজন মিয়া(৩০), আরামত আলী(৮৬) ও আনু মিয়া(২৬)। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন।
সংঘর্ষের ঘটনা স্বীকার করে জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর-রশিদ চৌধুরী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও এখনোও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনি সহায়তা প্রদান করা হবে।
আপনার মন্তব্য