০৬ আগস্ট, ২০১৭ ২০:২৯
সিলেটের গোলাপগঞ্জে শিশু খাদিজা (১০) কে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটককৃত গৃহকর্তা কামরুল ইসলাম (২১) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। রোববার (৬ আগস্ট) সকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে শনিবার রাতে শিশু খাদিজার মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় কামরুল ইসলামকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ৪/৫-১৭।
উল্লেখ্য, বুধবারীবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে কামরুল ইসলাম (২১) এর বাড়িতে গৃহকর্মীর কাজে নিযুক্ত ছিল সুনামগঞ্জ জেলার ভাটি তাহিরপুর গ্রামের দিনমজুর আলী নুরের কন্যা শিশু খাদিজা বেগম (১০) ।
শুক্রবার (৫আগস্ট) রাতে কামরুলের বাড়িতে খাদিজার মৃত্যু হলে তড়িঘড়ি করে লাশ দাফণের চেষ্টা চালায় কামরুল। পরদিন শনিবার খাদিজার বাবা আলী নূরের অভিযোগের ভিত্তিতে লাশ উদ্বার ও গৃহকর্তা কামরুলকে আটক করে নিয়ে আসে পুলিশ।
এ ব্যপারে রোববার গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের সিলেটটুডে টোয়েন্টিফোরডটকমকে জানান, এ ঘটনায় আটককৃত গৃহকর্তা কামরুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
আপনার মন্তব্য