মৌলভীবাজার প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৪৭

কুলাউড়ায় টানা ৪ দিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ‘রসগোল্লা’, জনমনে স্বস্তি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২ জন মানুষ হত্যাকারী উন্মত্ত হাতি রসগোল্লা টানা ৪ দিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় হাতিটি  নিয়ন্ত্রণে আসে।

তিন সদস্যের বনবিভাগের দুটি দল অভিযান চালিয়ে চেতনানাশক ইনজেকশন ব্যবহার করে হাতিটিকে অজ্ঞান করতে সক্ষম হন। এদিকে হাতিটি নিয়ন্ত্রণে আসায় কুলাউড়া ও জুড়ী উপজেলার পাহাড়ি জনপদে স্বস্তি ফিরে এসেছে।

বনবিভাগ সূত্র জানায়, ঢাকা চিড়িয়াখানার ডা. নুরুল ইসলামের নেতৃত্বে ডা. নাজমুল হুদা ও ডা. জাকিরুল ফরিদ একটি টিমে অভিযানে অংশ নেন। অন্য টিমে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মনিরুল ইসলামের নেতৃত্বে কক্সবাজার ডুলহাজরা সাফারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমান ও কুলাউড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাঈফ উদ্দিন আহমদ হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে অভিযান চালান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় হাতিটি নিস্তেজ হয়ে পড়ে।

কুলাউড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাঈফ উদ্দিন আহমদ জানান, হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে বুধবার প্রথম দফা চেষ্টা চালানো হয়। প্রথম দফায় একাধিক ইনজেকশন দেয়ার পর হাতিটি গভীর বনে চলে যায়। বৃহস্পতিবার সকালে আরেক দফা ইনজেকশন দেয়া হলে দুপুর সাড়ে ১২টায় হাতিটি নিস্তেজ হয়ে পড়ে।

উল্লেখ্য, রসগোল্লা হাতি ৩ সেপ্টেম্বর জুড়ী উপজেলার পুটিছড়া বিটে মঙ্গল খাড়িয়া ও ২৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলার মনছড়া বিটে গনি মিয়া নামক ২ ব্যক্তিকে হত্যা করে।

আপনার মন্তব্য

আলোচিত