২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:১৮
প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে কুমারী মায়ের পূজা করা হয়েছে। বিশেষ করে দুর্গাপূজার অঙ্গরূপে এই কুমারী পূজা করা হয়। সর্বকামনা সিদ্ধির জন্য ব্রাহ্মণ কন্যাকে কুমারী হিসেবে পূজা করা হয় দেবী দুর্গার অঙ্গরূপে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় অষ্টমী তিথিতে অপরাজিতা নামে পূজিত হন ৯ বছরে ব্রাহ্মণ কন্যা সুস্মীতা চক্রবর্তী। এ বারের কুমারী সিলেট সদরের বাগবাড়ী এলাকার কৃষ্ণ চক্রবর্তী ও শম্পা চক্রবর্তীর মেয়ে। সে সিলেটের জিন্দাবাজার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণীর ছাত্রী।
যোগিনীতন্ত্র, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহস্ত্রনা প্রভৃতি ধর্মীয় গ্রন্থের বিধান অনুসারে পুরোহিতগন কুমারী মায়ের পূজা করেন। পূজার পূর্বে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিদুরের তিলক এবং পায়ে আলতা। ঠিক সময়ে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে পূজা করা হয় কুমারী মাকে। চারদিক মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে।
দুর্গারুপি কুমারীকে দেখতে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কঠোর পরিশ্রম করেন। ওই এলাকাকে যানজট মুক্ত রাখতেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা।
আপনার মন্তব্য