মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ

২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০২:০০

নবীগঞ্জে বসতঘরে ‘রহস্যজনক’ আগুন

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের আনমনু রোডে শিবপাশা এলাকায় হিমাংশু শেখর দাশ’র বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময়ে হিমাংশু দাশ পরিবারের সদস্যদের নিয়ে দুর্গোৎসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরজমিনে পরিদর্শন করেছেন সিলেট এর এডিশনাল ডিআইজি নজরুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা আনমনু রোডের হিমাংশু শেখর দাশ এর বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে দুর্গাপূজা উৎযাপন করতে আশেপাশের পূজা মণ্ডপে যান। রাত সাড়ে ৮ টায় হঠাৎ হিমাংশু শেখর দাশের বাড়িতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয় লোকজন। তখন তাদের পরিবারের সদস্যরা অনুপস্থিত ছিল। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষ ওই বাড়িতে দৌড়ে ছুটে আসেন। অনেক চেষ্টা করেও আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে তারা নবীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এর আগেই হিমাংশু শেখর দাশ’র বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এতে স্বর্ণ, আসবাবপত্র, কম্পিউটার, নগদ অর্থ সহ অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

হিমাংশু শেখর দাশ ও স্থানীয়দের ভাষ্যে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে এলাকার কয়েক পক্ষের সাথে বিরোধ চলে আসছে। এই অগ্নিকাণ্ড কোন শত্রুপক্ষের ষড়যন্ত্রও হতে পারে বলে মনে করেন তিনি। কারণ অগ্নিকাণ্ডের সময় বৃষ্টি হচ্ছিল এমনকি বিদ্যুৎ ব্যবস্থাও বন্ধ ছিল। এদিকে, বসতঘরের একটি ভেন্টিলেটরে ভাঙার কিছু আলামত পাওয়া গেছে বলে বলেন তিনি।

এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ তৈয়ব আলী হাওলাদার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছেনা।

এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের এডিশনাল ডিআইজি নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত