২৯ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৩৯
চলছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। তবে এবারের পূজার আনন্দে উটকো ঝামেলা হয়ে উঠেছে অবিরাম বৃষ্টি।
শুক্রবার চলছে মহানবমীর পূজা। প্রতি বছর অষ্টমী আর নবমীর রাতে পরিবার পরিজন নিয়ে পূজা দেখতে নগরীতে বের হন হিন্দু ধর্মাবলম্বীরা। তরুণরা বের হন দলবেঁধে। মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান তারা। তবে মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে সিলেট চলছে টানা বৃষ্টি। শুক্রবার পুরো দিনের পর রাতেও চলছে বৃষ্টি। এরফলে পূজা দেখতে বের হওয়া পূণ্যার্থীদের পড়তে হচ্ছে বিপত্তিতে।
অন্যান্য বছর নবমীর রাতে পূজামণ্ডপের আশেপাশে উপচে পড়া ভিড় থাকলেও শুক্রবার রাতে ভিড় ছিলো অপেক্ষাকৃত কম। বৃষ্টির কারণে পূজা দেখতে বের হননি অনেকে।
নগরীর দাড়িয়াপাড়া এলাকার চৈতালি যুব সঙের পূজা দেখতে আসা মিতালী কর বলেন, পরিবারের সদস্যদের নিয়ে পূজা দেখতে বের হয়েছি। কিন্তু বৃষ্টির কারণে পুরো ভিজে গেছি। ফলে আর কোনো মণ্ডপে যাওয়া হচ্ছে না। বাসায় ফিরতে হচ্ছে।
নগরীর কাজলশাহ সার্বজনীন দুর্গা পূজা আয়োজক কমিটির এক সদস্য বলেন, অন্যান্যবছর নবমীর রাতে আমাদের মণ্ডপে উপচে পড়া ভিড় থাকে। দর্শনার্থীদের ভিড় সামলাতে স্বেচ্ছাসেবকদের হিমসিম খেতে হয়। কিন্তু এবছর বৃষ্টির কারণে ভিড় অনেক কম।
আজ মহানবমীর পর শনিবার মহাদশমী। দশমীর বিকেলে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দূর্গোৎসব। দশমীর দিনেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আপনার মন্তব্য