৩০ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:৩৯
প্রতিমা বিসর্জনের মাধ্যমে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। আজ পূজার শেষ দিন। বিজয়া দশমী। শুভ বিজয়া।
সব পূজামণ্ডপেই আজ বিষাদের ছায়া। হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঘরে ঘরে মন খারাপের দিন। ঢাক-কাঁসরের বাদ্য-বাজনা, রাত্রি উজ্জ্বল করা আরতি ও পূজারি-ভক্তদের পূজা-অর্চনায় কেবলই মা দুর্গার বিদায়ের আয়োজন। শুক্রবার ছিল দুর্গোৎসবের মহানবমী তিথি; এদিন ষোড়শ উপচারে দেবীর বন্দনা ও মহাস্থান-যজ্ঞ, আর সন্ধ্যায় আরতি বন্দনায় ‘আনন্দময়ী’র অর্চনা করেন তারা। ভোর থেকে চলা ঝুমবৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সিলেটে আজ বিকেল থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন মা। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেবেন প্রতিমা। পাঁচ দিনের সার্বজনীন মিলনমেলা ভাঙবে আজ। শাস্ত্র বলছে, সপ্তমী অর্থাৎ দেবীর আগমনের দিন বুধবার এবং ফেরার দিন শনিবার হওয়ায় দুর্গা এবার এসেছেন নৌকায় চড়ে, যাবেন ঘোড়ায়। দুর্গার নৌকায় চড়ে মর্ত্যে আসার অর্থ হলো—'শস্যবৃদ্ধিস্তুথাজলম'। অর্থাৎ শস্যবৃদ্ধির সম্ভাবনা। আর ঘোড়ায় চেপে দেবীর বিদায়ের মানে হলো—'ছত্রভঙ্গস্তুরঙ্গমে'; মানে রাজনৈতিক উত্থান-পতন, সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অপমৃত্যুর শঙ্কা।
আজ সকালে মণ্ডপে মণ্ডপে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেওয়া হয়। বিকেলে থেকে রাত পর্যন্ত চলবে চাঁদনীঘাটে সুরমা নদীতে প্রতিমা বিসর্জন। বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।
সিলেট নগরী ও জেলায় এবছর ছয়শতাধিক মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য