গোলাপগঞ্জ প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৩৪

গোলাপগঞ্জে গ্যাস সিলিন্ডার জালিয়াত চক্রের এক সদস্য আটক

সিলেটের গোলাপগঞ্জে গ্যাস সিলিন্ডার জালিয়াত চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এক শ্রমিককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৯) সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কিছমত মাইজভাগ গ্রামের পূর্ব পাড়া থেকে অভিযান চালিয়ে তানভীর (২৬) নামের এই শ্রমিককে আটক করা হয়।

অভিযানের সময় চক্রের মূল হোতা স্থানীয় বাসিন্দা ও রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানীর (এলপিজি) কর্মচারী এমাদ উদ্দিন খাঁন পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ। এসময় গ্যাস সিলিন্ডার জালিয়াতির কাজে ব্যবহ্রত সরঞ্জামও উদ্ধার করা হয়।

আটককৃত শ্রমিক কুমিল্লার চাদঁপুর উপজেলার মোহাম্মদ আলী কাজীর ছেলে।

পুলিশ জানায়, এমাদ উদ্দিন দীর্ঘ দিন থেকে সিলিন্ডার জালিয়াতির ( গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে খালি সিলিন্ডারে স্থানান্তর ) ব্যবসায় জড়িত। এমাদ উদ্দিন নিজের গ্রামে একটি কলোনীতে এই ব্যবসা চালিয়ে আসছেন। তিনি খালি সিলিন্ডার সংগ্রহ করে গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে নিজস্ব পদ্ধতিতে খালি সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করে চড়া মূল্যে সিলেটের বিভিন্ন বাজারে বিক্রি করেন। তার সাথে গোলাপগঞ্জে সিলিন্ডার ব্যবসায় জড়িত একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। সম্প্রতি প্রশাসনের নজরদারী বৃদ্ধি পাওয়ায় এমাদ কলোনি থেকে সরিয়ে নিজের বসত ঘরের পাশে একটি রুমে এ কাজ শুরু করেন।

শুক্রবার তার বসত ঘরের পাশের একটি রুম থেকেই জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এব্যাপারে এমাদ উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় এমাদ উদ্দিন খান, আটক তানবীর সহ মোট ৪ জনকে আসামী করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১৬।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি প্রশাসন) এ.কে.এম ফজলুল হক শিবলীবলেন, দীর্ঘদিন থেকে আসামী এমাদ উদ্দিন সিলিন্ডার জালিয়াতির মাধ্যমে ব্যবসা করে আসছিল। তাকে ধরতে অভিযান চলছে এবং আটক তানভীরকে ঐ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত