মাধবপুর প্রতিনিধি

০২ অক্টোবর, ২০১৭ ১৫:৫৯

মাধবপুরে টেম্পু শ্রমিক নির্বাচন স্থগিত, কোটি টাকা লোপাটের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেবী টেম্পু শ্রমিক ও সমবায় সমিতি নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে ছিল। কিন্তু হঠাৎ করে নির্বাচন স্থগিতের কথা শুনে সাধারণ শ্রমিকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

মাধবপুর উপজেলা টেম্পু সমবায় সমিতিতে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অডিট না করা এবং সমিতির সদস্যদের মধ্যে লভ্যাংশের টাকা না বন্টন করায় এমন অভিযোগ এনে হবিগঞ্জ সহকারী জজ আদালতে মামলা করেছেন আমানুর রহমান সুমন নামে সমিতির এক সদস্য। আদালত নির্বাচন স্থগিত করে ১২ অক্টোবরের মধ্যে কারণ দর্শানোর জন্য সমিতির প্রাক্তন সদস্য আলাই মিয়া, প্রাক্তন সেক্রেটারি লোকমান মিয়া বর্তমান সভাপতি হাজী ফিরোজ বর্তমান সেক্রেটারি জামাল উদ্দিন ও সমবায় কর্মকর্তা তাপস বড়ুয়াকে নোটিশ দিয়েছে।

নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে উপজেলা সমবায় কর্মকর্তা তাপস বড়ুয়া জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন স্থগিত করা হয়েছে।

আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সমিতির সদস্যদের সঞ্চয়ের হিসাব ও অডিট সম্পন্ন করা হয়নি। এ সমিতিতে সদস্য সংখ্যা রয়েছে ৩৬০০। সে হিসাব মতে প্রতিদিন সঞ্চয় হয় ৩৬ হাজার টাকা। ২ বছরে সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু সমিতির সদস্যদের মধ্যে সঞ্চয়ের লভ্যাংশ বন্টন ও অডিট নিষ্পত্তি না করে তড়িঘড়ি করে নির্বাচনের ঘোষণা দেন।

এ ব্যাপারে বর্তমান সভাপতি হাজী ফিরোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সঞ্চয়ের কোনো টাকা ছিল না। উল্টো সমিতির কাছে ৬ লাখ টাকা তাঁর পাওনা ছিল। সাধারণ সদস্যদের অনুরোধে তিনি এ টাকা ছেড়ে দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা তাপস বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ৫/৬ মাস আগে তিনি যোগদান করেছেন। তবে তার জানা মতে প্রতি বৎসর নিয়মিত অডিট হয়েছে। আদালতের নির্দেশ পেলে আবার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত