০২ অক্টোবর, ২০১৭ ১৮:০৭
সিলেটের বিশ্বনাথে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। হাফপ্যান্ট পরা ১০-১৫জন মুখোশধারী ডাকাতদের হামলায় রামপাশা ইউনিয়ন যুবলীগের সদস্য ও ‘হিন্দু বিবাহ নিবন্ধকার সুরঞ্জিত দাশসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন।
রোববার (১ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সুরঞ্জিত দাশের কাটলী পাড়ার গ্রামের বসত বাড়িতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত সুরঞ্জিত দাশ (৩৫) ও তার চাচাতো ভাই শংকু দাশকে (২৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুরঞ্জিতের বড় ভাই আহত কৃতীষ দাশ জানান, বসত ঘরের কলাপসিপল গেইটের দু’টি তালা ও দরজার খিল ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ১০/১৫জনের হাফপ্যান্ট পরা মুখোঁশধারী ডাকাত দল। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্টিলের আলমিরাতে থাকা নগদ ৫০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় আড়াই লাখ টাকার মালপত্র লুটে নেয় ডাকাতরা।
এর আগে ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করায় পরিবারের সদস্যদের উপর হামলা চালায় ডাকাতরা। এ সময় ডাকাতদের হামলায় যুবলীগ নেতা সুরঞ্জিত দাশের মা খুশি রাণী দাশ (৮০), তার স্ত্রী জেনী রানী দাশ (২২) এবং চাচা কৃতীষ দাশসহ (৭০) ৫জন আহত হন।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, ডাকাতির কোন আলামত পাননি। তবে দুষ্কৃতিকারীরা তালা ভেঙ্গে ঘরে ডুকে হামলা চালিয়েছে। মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আপনার মন্তব্য