০৬ অক্টোবর, ২০১৭ ০০:১৬
বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজার থেকে অপহৃত হয়েছিলেন ফারুক আহমদ (২৮)। তাকে উদ্ধারে পুলিশের তৎপরতার মধ্যে রাতে তিনি নিজেই এসে হাজির হলেন থানায়।
ফারুক আহমদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অপহণকারীরা ফারুকের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা নিয়ে গেছে এবং একটি ব্ল্যাংক চেকে স্বাক্ষর নিয়েছে। তবে অপহরণকারীদের চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন ফারুক।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪ টায় নগরীর জিন্দাবাজারের জল্লাড়পাড় সড়ক থেকে একদল যুবক সিএনজিচালিত অটোরিকশায় করে প্রকাশ্যে তুলে নিয়ে যায় ফারুক আহমদকে। রাত সাড়ে ৮টার দিকে ফারুক একা কোতোয়ালী থানায় এসে হাজির হন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, ‘ওই যুবক রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী থানায় এসে হাজির হন। তিনি পুলিশকে জানিয়েছেন, তার নগদ ২৪ হাজার টাকা অপহরণকারীরা নিয়ে গেছে। এছাড়া একটি ব্ল্যাংক চেকে তার স্বাক্ষর নিয়েছে তারা।’
জেদান আল মুসা আরো বলেন, ‘ওই যুবক পুলিশের কাছে বলেছেন, তিনি অপহরণকারী কাউকে চিনতে পারেননি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।’
ফারুক আহমদ টুকেরবাজার এলাকার শিবেরবাজার দিঘীরপাড় এলাকার বাসিন্দা ও জিন্দাবাজারের একটি জুতার দোকানের কর্মচারী।
আপনার মন্তব্য