নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০১৭ ২৩:১৯

সিলেটে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

নগরী থেকে ছিনতাইয়ের অভিযোগে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি মোটর সাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধারকৃত মোটর সাইকেল ও টাকা ছিনতাই করেছিলেন মোহাম্মদ আলী।

সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর মোগলাবাজার থানার ছত্তিঘর গ্রামের আব্দুল্লাহ পূবালী ব্যাংকের চৌধুরী বাজার শাখার থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা উত্তোলণ করে সিএনজি গে বাড়ীতে যাওয়ার সময় মোগলাবাজার সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কালো রংয়ের পালসার মোটরসাইকেল যোগে ৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকাগুলো ছিনিয়ে নেয়।

এ বিষয়ে ভিকটিম আব্দুল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সম্প্রতি মোগলাবাজার থানার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার গোপন সংবাদের ভিত্তিতে অপরাধীদের অবস্থান সনাক্ত করেন এবং তারই নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেন। তার নিকট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল (নং-সিলেট-ল-১১-১৬৬৭) এবং ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

পুলিশ জানায়, পলাতক অন্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

সিলেট মহানগর সহ সিলেট জেলার অন্যান্য থানায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। ইতোপূর্বে সে কয়েকবার জেল খেটেছে। প্রায় দেড় মাস পূর্বে জেল হতে ছাড়া পায়। এসএমপি’র দক্ষিণ সুরমা, মোগলাবাজার ও শাহপরাণ (রহঃ) থানায় বর্তমানে তার নামে ৪টি ছিনতাই মামলা চলমান আছে। তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে প্রেরণ করা হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে।

আপনার মন্তব্য

আলোচিত