চুনারুঘাট প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০১৭ ১৪:১৭

শায়েস্তাগঞ্জের রূপন অপহরণে মুক্তিপণ দাবিকারী ঢাকা থেকে গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রূপন অপহরণের মূল মুক্তিপণ দাবিকারী রূপনের বন্ধু মো. আব্দুল্লাহ প্রকাশ টিপুকে (৩২) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

গত শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ থানার এস আই শাহীনুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় ঢাকার আশুলিয়ার ভাড়াটিয়া বাসা হইতে টিপুকে গ্রেপ্তার করে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, আসামী টিপুকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় গত ১৭ আগস্ট সকালে রূপন মিয়ার মোবাইল ফোন দিয়ে তার মার মোবাইলে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এবং রূপন মিয়া গত ১৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত তাহার সাথে ছিল এ কথা স্বীকার করে।

আটককৃত টিপু নোয়াখালী জেলার সেনবাগ থানার নবীপুর গ্রামের আব্দুল গোফরানের ছেলে। সে আশুলিয়া চারাবাগ সাকিনে সবুজ মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে রাজমিস্ত্রি কাজ করে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট রূপন মিয়া বিকেল থেকে নিখোঁজ হন। পরদিন সকাল ৮ টার সময় রূপনের মোবাইল হতে তার মায়ের মোবাইলে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসামী টিপু।

এঘটনার বিষয়ে বাদী রূপনের মা হেলেনা খাতুনের আবেদনের প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানার নং ৬১৭,তাং ১৭/০৮/১৭ ইং এন্ট্রি করে। ২০ আগস্ট ভোর বেলা স্থানীয় লোকজন অচেতন অবস্থায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ রাস্তার পাশে রূপন মিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে রূপনের মা হেলেনা রূপনের অবস্থা আশংকাজনক দেখিয়ে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার রূপনের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ তাকে ধরতে তৎপর রয়েছে। এস আই শাহীনুর রহমান এ মামলাটি তদন্ত করতে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান এ তথ্য নিয়ে তিনি অগ্রসর হতে থাকেন। প্রতারণার জাল বের করে নিয়ে আসতে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর আছে।

আপনার মন্তব্য

আলোচিত