জগন্নাথপুর প্রতিনিধি

১০ অক্টোবর, ২০১৭ ২০:১৪

জগন্নাথপুরে লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রি: একটি সিলগালা, অবৈধ ঔষধ জব্দ

সুনামগঞ্জের জগন্নাথপুরে লাইসেন্স ছাড়াই ঔষধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে সিলগালা ও ৫টিকে সর্তক করা হয়েছে। এছাড়া বিপুল পরিমান অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০অক্টোবর) দিনব্যাপী এই অভিযান করে সুনামগঞ্জ জেলা ঔষধ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ড্রাগ সুপার শিকদার কামরুল ইসলাম।

এসময় তিনি লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে ঔষধ বিক্রির অভিযোগে পৌর শহরের জগন্নাথপুর বাজারে রাণীগঞ্জ রোডের 'দি নিউ লাইফ হার্বাল হেলথ কেয়ার নামক একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেন।

এছাড়া এমন অপরাধের জন্য আরো ৫টি প্রতিষ্টানকে সর্তকতা প্রদান করেন এবং আগামী দু'মাসের মধ্যে লাইসেন্স করার শর্ত প্রয়োগ করলে; প্রতিষ্ঠান পরিচালকবৃন্দ এতে রাজি হন। যদি বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে লাইসেন্স না করা হয় তবে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্তকতা জারীকৃত প্রতিষ্টানগুলো হচ্ছে- পৌর শহরের জগন্নাথপুর বাজারের সুনামগঞ্জ রোডস্থ মা লক্ষী ফার্মেসী, সাগর মেডিকেল হল, তুলি মেডিকেল হল, মধ্যবাজারে আল্লাহ ভরসা ও অনিক ফার্মেসী।

এছাড়া বিভিন্ন ফার্মেসী থেকে বিপুল সংখ্যক অনুমোদনহীন ঔষধ জব্দ করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জের ড্রাগ সুপার শিকদার কামরুল ইসলাম বলেন-এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত