নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০১৭ ১৮:১৩

বিএনপির প্রতিবাদ মিছিলে পুলিশি বাঁধা

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে মিছিল নগরীর কোর্টপয়েন্ট অতিক্রমকালে পুলিশি বাঁধার মুখে পড়ে।

এসময় পুলিশ লাঠিচার্জ করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা আত্মরক্ষার্থে কালেক্টরেট মসজিদের দিকে পালিয়ে যান।

মিছিল চলাকালীন সময় কোর্টপয়েন্ট এলাকা থেকে ২ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন নগর পুলিশ কর্তৃপক্ষ।

এর আগে বুধবার দুপুরে জিন্দাবাজার থেকে মিছিলটি বের হয়ে বন্দরবাজার কোর্টপয়েন্ট মসজিদের সামনে যায়। সেখানে গিয়েই পুলিশি বাঁধার মুখে পড়ে মিছিলটি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি হয়েছিল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা ২ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে শিবির সন্দেহে আটক করা হয়েছিলো। পরে অনুসন্ধান করে জানাগেছে তারা শিবিরের সাথে সম্পৃক্ত নয়। তাই তাদের ছেড়ে দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত