১৮ নভেম্বর, ২০১৭ ২১:৪৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্কুল ছাত্রসহ ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা সিরাজ মিয়া ও বশির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ চলে আসছে। গত শুক্রবার স্থানীয় বাসিন্দা ইব্রাহীম আলীর বাড়ী থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন সিরাজ মিয়ার বাড়ীর লোকজন। পথিমধ্যে বশির মিয়ার নেতৃত্বে এলাকার ডাকাত হিসেবে পরিচিত মনজিলসহ একদল লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে সিরাজ মিয়ার লোকজনের উপর। এতে সিরাজ মিয়ার স্কুল পড়ুয়া সন্তান সামিউল হাসান(১১) সহ সিরাজ মিয়া(৩৫), ফটিক মিয়া(৪০), সাজ্জাদ মিয়া(৩৫), এমদাদুর রহমান সুমন(২৬) আহত হন। তাদের মধ্যে সিরাজ মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবয় পেয়ে জগন্নাথপুর থানা পুলিশের এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য -ডাকাত হিসেবে পরিচিত মনজিলর বিরুদ্ধে থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। সে মামলায় মনজিল এখন পরোয়ানাভুক্ত আসামী।
আপনার মন্তব্য