৩১ অক্টোবর, ২০২৬ ১৮:৪৬
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ছয়টি প্রতিষ্ঠানের।
শনিবার সকালে সিলেট শিক্ষাবোর্ড থেকে ফলাফল ঘোষণাকালে এসব তথ্য জানানো হয়।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিলেট নগরের মাত্র একটি প্রতিষ্ঠান। শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হলো- সিলেট ক্যাডেট কলেজ, মৌলভীবাজারের কমলগঞ্জের বিএএফ শাহিন কলেজ, হবিগঞ্জের আজমিরীগঞ্জের হাজী আব্দুল হাকিম ভূইয়া হাই স্কুল এন্ড কলেজ, মাধবপুরের ছাতাইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজ, সুনামগঞ্জের তাহিরপুরের আইডিয়াল ভিশন কলেজ, সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা হাই স্কুল এন্ড কলেজ।
অবশ্য এরমধ্যে আজমিরীগঞ্জের হাজী আব্দুল হাকিম ভূইয়া হাই স্কুল এন্ড কলেজ থেকে মাত্র একজন, মাধবপুরের ছাতাইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজ থেকে তিন জন ও সুনামগঞ্জের তাহিরপুরের আইডিয়াল ভিশন কলেজ থেকে সাত জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
বোর্ডের প্রকাশিত ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ। এসব প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
এই প্রতিষ্ঠানগুলো হলো- হবিগঞ্জের লাখাইয়ের মরাকরি হাই স্কুল এন্ড কলেজ, সুনামগঞ্জের দিরাইয়ের আলহাজ আব্দুল মোতালেক হাই স্কুল এন্ড কলেজ এবং দোয়ারাবাজারের মিতালী পাবলিক স্কুল এন্ড কলেজ।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালেও আটটি প্রতিষ্ঠান থেকে সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। এবার সেই সংখ্যা আরও কমে ছয়ে নেমেছে। তবে গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল চারটি। এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিনটিতে।
এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, ‘এবার শতভাগ পাস করেছে ছয়টা কলেজ এবং কেউ পাস করেনি এরকম তিনটা প্রতিষ্ঠান আছে। ৩ প্রতিষ্ঠানের মধ্যে হবিগঞ্জে একটা প্রতিষ্ঠান, সুনামগঞ্জে দুটা প্রতিষ্ঠান রয়েছে। সুনামগঞ্জে কিছুটা হয়তো রিমোট এরিয়া আছে। তথাপি ওখানে মাঝে মাঝে বাচ্চারা নিয়মিত হয়তো কলেজে যাওয়ার আশা করতে পারে না, এটা হয়তো একটা কারণ। বন্যার একটা প্রকোপ ছিল তখন।’
আপনার মন্তব্য