নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০১৭ ১৮:২৪

সিলেটে রবীন্দ্র কমপ্লেক্স ও পাঠাগার নির্মাণ করা হবে: আরিফ

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি রক্ষায় যা যা করার সিটি করপোরেশন করবে। প্রয়োজনে রবীন্দ্র কমপ্লেক্স ও রবীন্দ্রনাথ পাঠাগার নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি আরো বলেন, সিলেট নগরীর মাছিমপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের মধ্য দিয়ে সারাবিশ্বে মনিপুরী নৃত্যের বিস্তৃতি লাভ করে। বিশ্ব কবি রবি ঠাকুর কমলগঞ্জের নৃত্যগুরু নীলেশ্বর মুখার্জিকে সঙ্গে করে নিয়ে যান ভারতের কলকাতা শান্তি নিকেতনে। তাকে দিয়েই রবীন্দ্রনাথ সারা বিশ্বে মনিপুরী নৃত্যের প্রসার ঘটান। তার কারণেই আজ সারাবিশ্বে মনিপুরী নৃত্য সমাদৃত।

শনিবার (৩০ ডিসেম্বর) সিলেট নগরীর মাছিমপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সম্বলিত মাছিমপুর এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ওই ম্যুরাল নির্মাণ করা হচ্ছে বলে সিসিক সূত্রে জানা গেছে।

সকালে মেয়র মাছিমপুরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ফুল ছিটিয়ে বরণ করেন মনিপুরী তরুণ-তরুণীরা। পরে তাকে মনিপুরীদের হাতে তৈরি গামছা দিয়ে বরণ করেন। এ সময় মনিপুরী নেতারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে।

এর আগে মেয়র তাদের দীর্ঘদিনের দাবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি রক্ষায় তার ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে মনিপুরী লোকজন ওই জায়গাটুকু সংরক্ষণ করে ম্যুরাল স্থাপনের দাবি জানিয়ে আসলেও কোন কাজ হয়নি।

এ সময় মেয়র বলেন, সিলেটে পর্যটক ইবনে বতুতাও এসেছিলেন। তিনি কোথায় ছিলেন সেটি খোজে দেখা হচ্ছে। ওই স্থান পেলে সেটিও সংরক্ষণ করা হবে। যেভাবে কবি রবি ঠাকুরের স্মৃতি রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মাছিমপুরে এসে যাতে রবি ঠাকুরের ম্যুরাল দেখার জন্য ঘুরতে না হয় সেজন্য  মূল সড়ক চিহ্নিত করা হবে।

মনিপুরী সমাজ কল্যাণ সংস্থার সিলেট জেলার সভাপতি সংগ্রাম সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর মোশতাক আহমদ, মহিলা কাউন্সিলর সালেহা কবীর শেপী, সাবেক কাউন্সিলর ফারুক আহমদ, আবুল হোসেন, মনিপুরী সমাজ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির দফতর ও প্রচার সম্পাদক সুনীল সিংহ, সংস্থার সিলেটের সভাপতি রমেন্দ্র সিংহ বাপ্পা, সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, পঞ্চায়েত কমিটির সভাপতি সত্যজিৎ সিনহা সত্যবান, মন্দির কমিটির সভাপতি অলক সিংহ, ডা  ইউকে সিনহা, মন্টু রাজ সিংহ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত