সুনামগঞ্জ প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০১৭ ২০:০৪

দোয়ারাবাজারে কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈগাঁও এলাকায় ১৪ বছরের এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম লেচু মিয়া (২৫)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আন্দারিগাঁও এলাকার ওয়াসির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নৈগাঁও এলাকায় ওরসে অংশ নেন লেচু মিয়া। ছাতকের বাইশ টিলা থেকে আসা এক কিশোর তার পাশে বসে ওরসের বক্তব্য শুনছিল। ভোরের দিকে লেচু মিয়া কিশোরটিকে নাস্তা খাওয়ানোর কথা বলে পাশের জঙ্গলে নিয়ে যান এবং তার উপর যৌন নির্যাতন চালান।

ঘটনা জানাজানি হলে শনিবার সকালে শিশুটির পরিবারের লোকজন লেচু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে সকালেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত