৩০ ডিসেম্বর, ২০১৭ ২১:০৬
হবিগঞ্জের চুনারুঘাটে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উল্টে হাফেজ মো. মধু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুর থেকে চুনারুঘাটের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি চান্দপুর চা বাগান এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত টমটমের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হাফেজ মো. মধু মিয়া মারা যান।
নিহত হাফেজ মো. মধু মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আব্দুল ওহাব মুন্সীর ছেলে। এ ঘটনায় আহত ২ যাত্রী হলেন, উপজেলার সদর ইউনিয়নের গোগাউড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আলী মিয়া (৩০), মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক শ্যামল উরাং এর ছেলে শান্ত উরাং (২০)। আহত অন্য দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য