৩০ ডিসেম্বর, ২০১৭ ২১:৪১
শনিবার (৩০ ডিসেম্বর) সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল। এবার সুনামগঞ্জের জগন্নাথপুরে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। আর শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে ৪৯টি স্কুল-মাদ্রাসার মধ্যে ৬টি প্রতিষ্ঠান।
এবার স্কুল পর্যায়ে সর্বোচ্চ ১১টি জিপিএ-৫ পেয়েছে রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়। মাদ্রাসা পর্যায়ে ২টি জিপিএ-৫ পেয়েছে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া আলিম মাদ্রাসা।
এবারের ফলাফল ভালো হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান। তিনি আগামীতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারে জেএসসি পরিক্ষায় জগন্নাথপুরের ৩২টি স্কুল থেকে ২৭২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো এবং ২৩৬৬ জন কৃতকার্য হয়েছে। আর অকৃতকার্য হয়েছে ৩৫৮ জন পরীক্ষার্থী। পাসের হার ৮৬.৮৬ শতাংশ। কৃতকার্য ২৩৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন পেয়েছে জিপিএ-৫। আর শতভাগ ফলাফল অর্জন করেছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়, আইডিয়াল গার্লস হাই স্কুল সৈয়দপুর ও সদ্য জুনিয়র স্কুলের খেতাব প্রাপ্ত পাইলগাঁও অনঙ্গ মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়।
শতভাগ ফলাফল অর্জনের অনুভূতি প্রকাশ করে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা নাহার বলেন, আমাদের গত বছরও ভালো ফলাফল হয়েছিল। এবার শতভাগ ভালো ফলাফল করতে পারলেও জিপিএ-৫ কমেছে। আগামীতে আরও ভালো ফলাফল করব আমরা। সে লক্ষ্যে বছরের শুরু থেকে আমরা শিক্ষার্থীদের পাঠদান করবো।
এছাড়া, উপজেলার ১৭টি মাদ্রাসা থেকে জেএসসি পরিক্ষায় অংশ নেন ৮৩৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৭৪০ জন পরিক্ষার্থী কৃতকার্য হলেও অকৃতকার্য হয়েছে ৯৩ জন। পাসের হার ৮৮.৮৪ শতাংশ। জিপিএ-৫ এসেছে মাত্র ৩টি। শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে চরা জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও শাহ্ জালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসা।
আপনার মন্তব্য