৩১ ডিসেম্বর, ২০১৭ ০১:০২
শেষ হতে চলা ২০১৭ সালে সিলেটের অন্যতম আলোচিত ঘটনা ছিলো নগরীর দক্ষিণ সুরমার শিববাড়িতে আতিয়া মহল নামক বাসায় জঙ্গি আস্তানার সন্ধান। সিলেট নগরীর ভেতরেই জঙ্গিদের আস্তানা গড়ার সংবাদ সিলেটজুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কেবল সিলেট নয় মৌলভীবাজারের দুই স্থানেও চলতি বছরে দুটি জঙ্গি আস্তানার সন্ধান মিলে। এসব জঙ্গি আস্তানার সন্ধানের পর শ্বাসরুদ্ধকর অভিযান আর বোমা বিস্ফোরণে সেনা কর্মকর্তা-পুলিশসহ ৭ জনের মর্মান্তিক মৃত্যু চলতি বছর সিলেটকে কাঁপিয়ে দিয়েছিল।
২৪ মার্চ ভোর থেকে ১ এপ্রিল পর্যন্ত সিলেট ও মৌলভীবাজারে তিনটি জঙ্গি আস্তানার অভিযান চালানো হয়। সেনাবাহিনীর কমান্ডো, কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াতের জঙ্গিবিরোধী অভিযানে ১৫ জন নিহত হয়। সিলেটের আতিয়া মহলে দেশে জঙ্গি বিরোধী দীর্ঘতম অভিযানের শুরুতে ৭৮ জন নারী-শিশু-পুরুষকে নিরাপদে উদ্ধার বছরের অন্যতম স্বস্তিদায়ক ঘটনা।
জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইট
সিলেট নগরীর উপকন্ঠে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহলে ২৪ মার্চ ভোরে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। পুলিশ প্রথমে বাড়িটি ঘিরে রাখে পরে ২৪ মার্চ দুপুরে আসে বিশেষায়িত বাহিনী সোয়াট। তবে আতিয়া মহলের ভেতরে বিপুল বিস্ফোরক রয়েছে এমন শঙ্কায় সেনাবাহিনীকে আমন্ত্রন জানানো হয়। ২৫ মার্চ সকাল থেকে সেনাবাহিনীর কমান্ডো দলের দীর্ঘ ১১১ ঘন্টার ‘অপারেশন টোয়াইলাইট’ অভিযানে এক নারীসহ ৪ জঙ্গি প্রাণ হারায়। এই অভিযানের শুরুতে সেনাবাহিনীর চৌকষ কমান্ডোরা নিরাপদে আতিয়া মহলের বিভিন্ন তলায় আটকে পড়া ২৭ শিশু, ২১ জন নারী ও ৩০ জন পুরুষকে উদ্ধার করেন। এই অভিযান চলাকালে ২৫ মার্চ সন্ধ্যায় জঙ্গিদের বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ ৬ জন প্রাণ হারান।
এই বোমা হামলায় অন্তত অর্ধশত আহতের মধ্যে ছিলেন র্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষপর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। মৌলভীবাজারের আস্তানা থেকে এসে জঙ্গিরা এই বোমা হামলা চালায় বলে সেই সময় জানান সংশ্লিষ্টরা। ২৮ মার্চ অভিযান শেষে চার জঙ্গি নিহতের খবর জানায় সেনাবাহিনী।
আতিয়া মহলে সেনাবাহিনীর কমান্ডো অভিযান শেষ হওয়ার পরপরই মৌলভীবাজারে দুটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। মৌলভীবাজারের নাসিরপুর ও বড়হাটে চারদিনে দুটি অভিযান চালায় বিশেষ বাহিনী সোয়াট।
মৌলভীবাজারে সোয়াটের অপারেশন হিটব্যাক ও ম্যাক্সিমাস
২৮ মার্চ মৌলভীবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুরে ও শহরের বড়হাটে দুটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ২৯ মার্চ ভোর থেকে নাসিরপুরের বাড়িতে ‘অপারেশন হিটব্যাক’ শুরু করে সোয়াট। পরদিন বিকেল পর্যন্ত চলমান এই অভিযানের সময় জঙ্গি আস্তানার ভেতরে নারী-শিশু ও পুরুষসহ ৭ জন আত্মঘাতি হয়। এরপর বড়হাটে ৩০ মার্চ ও ১ এপ্রিলের ‘অপারেশন ম্যাক্সিমাস’র পর জঙ্গি আস্তানা থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়। এই আস্তানা থেকে গিয়েই জঙ্গিরা সিলেটের আতিয়া মহলের পার্শ্ববর্তী স্থানে বোমা বিস্ফোরণ ঘটনায় বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী।
আপনার মন্তব্য