নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০১৮ ১৩:৪৫

সিলেটে পাঠ্যপুস্তক উৎসব : শিক্ষার্থীরা পেল নতুন বই

সারাদেশের মতো সিলেটেও নতুন বছরের প্রথম দিনে (সোমবার) আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পাঠ্যপুস্তক উৎসব। সিলেট বিভাগের চার জেলাসহ সকল উপজেলায় এ উৎসব উদযাপিত হয়েছে।

সোমবার সকালে দক্ষিণ সুরমার কায়স্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা প্রমুখ।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছলেমা বেগমের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল জান্নাত রিপা। এছাড়া বক্তব্য দেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, সদস্য সাংবাদিক কবির আহমদ প্রমুখ।

একই দিনে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন হয় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে। এতে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ, যুবলীগ নেতা আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ।

শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে সিলেটের সকল জেলা ও উপজেলায় নতুন বই পৌঁছে গেছে। এ বছর সিলেটে প্রাথমিকে ৭৯ লাখ ৯৪ হাজার ৪২৮টি বই ১৬ লাখ ৬৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থীর মধ্যে দেয়া হচ্ছে। সিলেট বিভাগের ৫ হাজার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ হাজার ৯২৪টি বেসরকারি বিদ্যালয়ে একযোগে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে।

সিলেট বিভাগের ৫ হাজার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সিলেটে ১ হাজার ৪৫৩টি, সুনামগঞ্জে ১ হাজার ৪৬৫টি, হবিগঞ্জে ১ হাজার ৪১টি ও মৌলভীবাজারে ১ হাজার ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ১ হাজার ৪২৪টি কেজি স্কুল, ২ হাজার ২৪৯টি আনন্দ স্কুল, ৩ হাজার ৯৪৮টি এনজিও পরিচালিত স্কুল ও ৩০২টি মাদরাসায় একযোগে এ বই বিতরণ করা হয়েছে।

সিলেটের বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, সিলেটে পর্যাপ্ত বই এসেছে। এরই মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ বই পৌঁছে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত