বড়লেখা প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০১৮ ১৮:৫৫

বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: টিকাদান ব্যাহত

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। এতে দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডে চলমান ইপিআই টিকাদান কর্মসূচি সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) ৪ দফা দাবিতে এ কর্মবিরতি পালন করেন তারা।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মাসুক আহমদ, সহ-সভাপতি বিকাশ রঞ্জন দাস, আলম হোসাইন, মামুন, শংকর দে, সোহাইবুর রহমান, আরতি দে, গীতা রাণী দাস, ফাতেমা বেগম, জাহানারা বেগম, আব্দুস সামাদ, আফছানা জাহান বন্যা প্রমুখ।

জুড়ীতে উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে কর্মবিরতির সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি নকুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিকাশ রুদ্র পাল, জাবেদুল আলম, মুজিবুর রহমান, সারদা রাণী গোয়ালা প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর ঢাকা শেরেবাংলা নগরে স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা করলেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় আজও এ ঘোষণার বাস্তবায়ন হয়নি। তারা অবিলম্বে টেকনিক্যাল বেতন স্কেল, মাঠ/ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মুল বেতনের ৩০ ভাগ হারে, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে নিয়োগ প্রদান এবং ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তনের দাবি জানান।

এদিকে বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করায় দুই উপজেলার ১০ ইউনিয়নের ৩০ ওয়ার্ডে চলমান ইপিআই টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ পরিবার পরিকল্পনা কর্মী দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনার চেষ্টা চালালেও তা সফল হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত