০২ জানুয়ারি, ২০১৮ ০০:৩৮
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বছরের প্রথম দিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। এর মধ্যে হবিগঞ্জে ৪, গোয়াইনঘাটে ১ ও মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস ও মাছ বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয় জন।
সোমবার বেলা ৪টার দিকে উপজেলার পুটিজুরী বাজারের স’মিল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান।
নিহতরা হলেন উপজেলার স্নানঘাট ইউনিয়নের মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে সাঈদ মিয়া (৩৫), মনফদ আলীর ছেলে আব্দুল হেকিম (২০) , হামিদ আলীর ছেলে আবু রকিব (১৮) ও হিরণ মিয়ার ছেলে ইয়াকুব আলী (২৫)
এরা সবাই মাছ বোঝাই পিকআপ আরোহী ছিলেন।
ওসি মাসুক বলেন, সিলেটগামী মেঘলা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন মারা যায়।
গোয়াইনঘাট :
গোয়াইনঘাটে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার আঙ্গারজুর গ্রামের মৃত হাজির আলীর ছেলে আলিম উদ্দিন (৩২)।
সোমবার সকাল ১১টায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের আঙ্গারজুর পূর্বপাড়া নয়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের আঙ্গারজুর পূর্বপাড়া নয়া বাজারে গোয়াইনঘাট থেকে সিলেটগামী (অনটেস্ট) একটি ট্রাক আলিম উদ্দিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার :
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় প্রাইভেট গাড়ির চাপায় সাফি আহমদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে পৌর এলাকার চাতলগাঁও নামক স্থানে ঘটনাটি ঘটেছে । সাফি চাতলগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে।
জানা যায়, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট নোহা লাইটেস (সিলেট-চ ১১-০৭১৬) সফিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের স্থানীয় লোকজন শিশুটিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্য শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ঘাটের বাজার এলাকা থেকে গাড়ীটি আটক করছে।
আপনার মন্তব্য