সিলেটটুডে ডেস্ক

০২ জানুয়ারি, ২০১৮ ০০:৫৬

কবি দিলওয়ার’র ৮২তম জন্মদিনে গ্রন্থ প্রকাশনা

কবি দিলওয়ার বিশ্বজনীন কবি। মানবতার কবি। মানুষের প্রতি তাঁর যেমনি অগাধ ভালোবাসা তেমনি জীবন দর্শনের ব্যাপারেও তিনি অনন্য। তাঁর কবিতা দেশের সীমানা পেরিয়ে বিশ্বমানবের দরবারে সমাসীন হয়েছে। আধুনিকতা এবং ঐতিহ্যের সমন্বয়ে কবি দিলওয়ার তাঁর কবিতায় গণমানুষের সুষ্পষ্ট চিত্র তুলে ধরেছেন। নতুন প্রজন্মকে তাঁর সাহিত্য-প্রতিভা সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। কবি দিলওয়ারের জীবন  ও সাহিত্য নিয়ে সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন যে গ্রন্থ রচনা করেছেন তা তরুণ প্রজন্মকে তাঁর জীবন সম্পর্কে জানতে উৎসাহিত করবে।

কৈতর সিলেট-এর উদ্যোগে গণমানুষের কবি দিলওয়ারের ৮২তম জন্মদিন উদযাপন উপলক্ষে প্রবীণ সাংবাদিক লেখক মুহম্মদ বশিরুদ্দিন’র দ্বিতীয় গ্রন্থ ‘দিলওয়ার: ব্যক্তি ও কবি’-এর প্রকাশনা উৎসবে বক্তারা এ কথা বলেন।

কৈতর সিলেট-এর চেয়ারম্যান লেখক সেলিম আউয়ালের সভাপতিত্বে গতকাল সোমবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত প্রকাশনা উৎসব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদনমোহন কলেজ, সিলেট-এর সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, অধ্যক্ষ কবি কালাম আজাদ, অধ্যাপক আব্দুল হান্নান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, অনুভূতি প্রকাশ করেন গ্রন্থের লেখক মুহম্মদ বশিরুদ্দিন। সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি মুকুল চৌধুরী এবং আলোচনায় অংশ নেন কবি মুসা আল হাফিজ ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী এবং মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব।

সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বীথির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, এডভোকেট আব্দুল মালিক, প্রকৌশলী আব্দুশ শহীদ মাটি, কবি নাঈমা চৌধুরী, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি বাশিরুল আমীন, চৌধুরী রাহাত এবং কবিতা পাঠ করেন সৈয়দ মুক্তদা হামিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিকদাদ আহমদ মিসবাহ। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল।

বিশেষ অতিথির বক্তব্যে মদনমোহন কলেজ, সিলেট-এর সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, আমরা আমাদের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের গুণীজনকে যত জানবো ততই সমৃদ্ধ হবো। কবি দিলওয়ার তাঁর সাহিত্য সাধনার মাধ্যমে সাধারণ মানুষের কথা বলেছেন। তাঁর কবিতা আমাদেরকে ঐতিহ্যের দিকে ধাবিত করে।

অধ্যক্ষ  কবি কালাম আজাদ বলেন, আধুনিক কবিতা রচনায় কবি দিলওয়ার গভীর নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। সত্যিকার অর্থে তিনি একজন সামগ্রিক কবি ছিলেন। দর্শন ও ইতিহাসের প্রখর জ্ঞান তাঁর সাহিত্য-প্রতিভাকে সমৃদ্ধ করেছে। এদিক বিবেচনায় তাঁকে দাশনিক কবি বললে অত্যুক্তি হবে না।

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেন, কবি দিলওয়ার আমাদের গর্ব, আমাদের অহংকার। তাঁর জীবন ও সাহিত্য সম্পর্কে জানা সকলের কর্তব্য বলে মনে করি। কবি দিলওয়ারের সাহিত্য ও জীবন ব্যবচ্ছেদে সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন মহৎ কর্ম সাধন করেছেন।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন, কবি দিলওয়ারের কবিতা আমাদের হৃদয়কে জাগ্রত করে। জনগণের জন্য লিখেছেন বলেই তাকে গণমানুষের কবি বলে সম্মানিত করা হয়। তাঁর সাহিত্যসাধনাকে উপলব্ধি করতে হবে।

মূখ্য আলোচকের বক্তব্যে কবি মুকুল চৌধুরী বলেন, কবি দিলওয়ারের পড়াশোনা এবং জানার জগৎ ছিল খুবই বিস্তৃত।  তিনি শুধু দেশীয় সাহিত্যের খবর রাখতেন না, বরং বিদেশী সাহিত্যের খবর ও তিনি নিয়মিত রাখতেন। বিধায় তাঁর কবিতায় বিশ্বজনীনতা লক্ষণীয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুহম্মদ বশিরুদ্দিন বলেন, কবি দিলওয়ার জীবন ও সাহিত্য সম্পর্কে উপলব্ধি করে সৃজনশীলতার তাগিদে আমার এই প্রয়াস। নিজের দায়বদ্ধতা থেকে কবি দিলওয়ারের জীবন ও সাহিত্য সম্পর্কে যে প্রচেষ্টা করেছি, এ ক্ষেত্রে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভাপতির বক্তব্যে কৈতর সিলেট-এর চেয়ারম্যান সেলিম আউয়াল বলেন, সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন কবি দিলওয়ারের জীবন ও সাহিত্য সম্পর্কে গ্রন্থ রচনা করেছেন এজন তাকে সাধুবাদ জানাচ্ছি। তিনি আরো লিখবেন এটাই আমাদের প্রত্যাশা।

আপনার মন্তব্য

আলোচিত