০২ জানুয়ারি, ২০১৮ ১৭:৩৫
'পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে' এই স্লোগানকে ধারণ করে বিডি ক্লিন মৌলভীবাজারে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।
সোমবার (১ জানুয়ারি) মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানকে সাথে নিয়ে বিডি ক্লিন মৌলভীবাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে।
দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্বোধনী অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র, কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজ। উপস্থিত সকল সদস্যদের নিয়ে শপথ বাক্য পাঠের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।
বিডি ক্লিন মৌলভীবাজারের মানুষকে সচেতন করার জন্য প্রচারণা অব্যাহত রেখেছে। তাদের লক্ষ্য এই সপ্তাহে ৫০০ সদস্যর একটি স্বেচ্ছাসেবী পরিবার গঠন। তবে ১০০ সদস্যের প্রাথমিক লক্ষ্য পূরণ করে সুন্দর ও পরিচ্ছন্ন একটি শহর গড়তে মৌলভীবাজারে কার্যক্রম প্রতিদিন অব্যাহত থাকবে।
বিডি ক্লিন মৌলভীবাজারের কার্যক্রম নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান বিডি ক্লিনের সহ-সভাপতি কানিজ ফাতেমা বলেন, ২০১৭ সালের ৯ ডিসেম্বর মৌলভীবাজারে বিডি ক্লিনের কেন্দ্রীয় কমিটির ৫ সদস্য সহ প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন আহমদের উপস্থিতিতে স্থানীয় ২ জন স্বেচ্ছাসেবক রহমত খান মনু ও আমার হাত ধরে মৌলভীবাজারের বিডি ক্লিনের যাত্রা শুরু হয়। এই বছরের শুরুতেই মৌলভীবাজার পৌরসভা পার্কে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে মাঠ পর্যায়ে এর কার্যক্রমের উদ্বোধন হয়। স্থানীয় পর্যায়ে তারা যে সারা পাচ্ছি তাতে আমরা তৃপ্ত।
২০১৬ সালের ৩ জুন 'বিডি ক্লিন' সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক ছাত্র ফরিদ উদ্দিন কয়েক জন সহপাঠীকে নিয়ে 'পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে' স্লোগান নিয়ে সংগঠনের যাত্রা শুরু করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন জানান, ২০২১ সালের মধ্যে পরিচ্ছন্নতায় রোল মডেল হবে বাংলাদেশ। সারা বাংলাদেশের ৬৪টি জেলায় পরিচ্ছন্ন বাংলাদেশ এর স্বপ্ন বাস্তবায়নের বিডি ক্লিনের পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। আমাদের স্বপ্নগুলো এই দেশের মধ্যেই বিচরণ করতে থাকে। প্রিয় বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখার প্রচেষ্টার প্রতিজ্ঞা দিয়ে শুরু করেছিলাম। বর্তমানে সারা দেশে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিনের লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করে যাচ্ছেন। বিডি ক্লিনের মূল লক্ষ্য যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে না ফেলার মানসিকতা পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আমাদের কাছে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে আছে পর্যটন শহর মৌলভীবাজার জেলা।
আপনার মন্তব্য