সিলেটটুডে নিউজ ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৮ ১৫:৩৯

সিলেটে বৃষ্টির সম্ভাবনা

সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সিলেট বিভাগের মতো চট্টগ্রামেও কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। এদিকে পাবনা, চুয়াডাঙ্গা, নওগাঁ, দিনাজপুর এবং সৈয়দপুর অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া শৈত্যপ্রবাহ পরিস্থিতি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য স্থানে বিস্তার লাভ করতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিরাজমান থাকতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতা পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত