সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৮ ১৭:৪৬

সমস্যাভিত্তিক শিক্ষা পদ্ধতিই মেডিকেল শিক্ষাকে পরিপূর্ণ রুপ দিতে পারে: ড. মজিদ

স্কুল অব মেডিসিন, যুক্তরাষ্ট্রের টুলেইন ইউনিভার্সিটির ফিজিওলজি বিভাগের প্রফেসর ডা. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ বলেছেন, মেডিকেল বিজ্ঞানের মূল ভিত্তি হল ফিজিওলজি। ফিজিওলজিকে ভালোভাবে অনুধাবন করতে পারলে মেডিকেল সায়েন্সকে বুঝা একেবারেই সম্ভব। মেডিকেল সায়েন্সকে অনুধাবন এবং যথাযথ প্রয়োগের মাধ্যমেই পরিপূর্ণ সেবা প্রদান করতে হবে। শিক্ষাব্যবস্থায় সমস্যাভিত্তিক পাঠদান চালু করলে শিক্ষার্থীরা রোগীর সেবায় মনোনিবেশ করাসহ আধুনিক যুগে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন ডাক্তার হতে পারবে। তাই, সমস্যাভিত্তিক শিক্ষা পদ্ধতিই মেডিকেল শিক্ষাকে পরিপূর্ণ রূপ দিতে পারে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) কলেজের লেকচার গ্যালারি-১ এ সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ‘প্রবলেম বেইজড লার্নিং ইন ফিজিওলজি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. ইসমাঈল পাটোয়ারী। ধন্যবাদ জ্ঞাপন করেন উপাধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহমান কায়সার। প্রফেসর ডা. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদের মেডিকেল সায়েন্সে অবদান সম্পর্কে বক্তব্য প্রদান করেন প্রফেসর ডা. আব্দুস সালাম।

ব্যক্তিগত আলাপকালে ডা. মাসুদুল আলম বলেন, আমাদের মেডিকেল শিক্ষা পদ্ধতি উন্নয়নে আজকের এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেডিকেল শিক্ষাকে আধুনিকায়ন করতে ‘প্রবলেম বেইজড লার্নিং’ (পিবিএল) পদ্ধতি প্রণয়নের বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল করীম বলেন, আমাদেরকে রোগীর একেবারে কাছে যেতে হবে। তাদের সমস্যা বুঝতে হবে। তাদের সমস্যার আলোকে মেডিকেল সায়েন্সকে প্রয়োগ করলেই রোগীর পরিপূর্ণ সেবা প্রদান সম্ভব।

প্রশ্নোত্তর পর্বে প্রফেসর ডা. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রোগীকে চিকিৎসা সেবা প্রদানের জন্য রোগ হিস্ট্রি জানা এবং তার রোগের প্রকৃত কারণ অনুধাবণে অনুসন্ধানী মন নিয়ে কাজ করতে হবে। তবেই সফলতা লাভ করা যাবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. মাসুদুল আলম। অনুষ্ঠানের শেষে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে কলেজ অধ্যক্ষসহ ফিজিওলজি বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 

আপনার মন্তব্য

আলোচিত