০৩ জানুয়ারি, ২০১৮ ২০:৪২
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসাসহ তথ্য প্রযুক্তির উন্নয়নের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। একটি দেশ ও জাতিকে উন্নয়নের শিখড়ে পৌঁছাতে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। পৃথিবীর উন্নয়নশীল দেশের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তির আলোর রশ্মি দেশ জুড়ে প্রবাহিত করতে হবে। বর্তমান প্রজন্মকে সু-শিক্ষা ও প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষাদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মামুনুর রহমানের সভাপতিত্বে ও সমবায় অফিসার মো. জামাল মিয়ার পরিচালনায় ১৪৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার (ল্যাপটপ) বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন সাধিত হয়েছে, তা অন্য কোন সরকারের আমলে হয়নি। সরকার শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ায় বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে, যা এই সরকারের একটি বিরল দৃষ্টান্ত। এছাড়া শিক্ষামন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীদের দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নের যাত্রা অব্যহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, ভাদেশ্বর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ ছালিক, যুবলীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ মৎস্যজীবী লীগ সভাপতি নুরুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাহিদ উপজেলার ১৪৯টি সরকারকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার, ৩৭টি ফাস্ট এইড বক্স ও ৩টি ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। বিকেলে টেকার কারিগরি সহায়তায় প্রকল্পের আওতায় মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করেন।
আপনার মন্তব্য