১০ জানুয়ারি, ২০১৮ ১৫:৫৪
সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার ইউপির বাশতলা কলোনি গ্রামে বন্য শুকরের হামলায় দুইজন আহত হয়েছেন। এছাড়াও উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদোকুনা গ্রামে অপর দুজন আহত হয়েছেন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে বাংলাবাজার ইউনিয়নের কলোনি গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী কলোনি গ্রামের আবুল কাশেমের পুত্র জাহাঙ্গীর ঘটনার সময় তার বাড়ীর পাশে মাঠ থেকে গরু আনতে গেলে পার্শ্ববর্তী ভারতীয় টিলা থেকে চারটি বন্য শুকর বেরিয়ে এসে তার উপর হামলা করে রক্তাক্ত জখম করে।
গ্রামবাসীরা ধাওয়া করলে বন্য শুকরটি গ্রামে ডুকে রাস্তায় কলাউড়ার মৃত আব্দুর রশিদের পুত্র আবু তাহেরকে আক্রমণ করে। গুরুতর আহতাবস্থায় জাহাঙ্গীর ও আবু তাহেরকে উদ্ধার করে স্থানীয় হকনগর বাজারে চিকিৎসা দেয়া হয়।
বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ধন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায়ই বন্য শুকর বন থেকে লোকালয়ে এসে খেতের শাক সবজি ক্ষতি করে। ভয়ে এখন কৃষকরা ভোরে খেতে শাক সবজি তদারকি করতে যাচ্ছেন না। গ্রামবাসী ধাওয়া করে ইতোমধ্যেই ২টি বন্য শুকর মেরেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মজি মিয়া ও আজিম বলেন, গত কয়েকদিন থেকে ভারতীয় টিলা থেকে বন্য শুকরের দল গ্রামে প্রবেশ করে খেতের আলু থেকে শুরু করে সব ধরনের শাক সবজি বিনষ্ট করছে। আমরা আতঙ্কে আছি।
এছাড়াও বোগলাবাজার ইউনিয়নের ইদোকুনা গ্রামের ময়না মিয়ার পুত্র জহুর আলী ও রুস্তম আলীর পুত্র সিদ্দিক মিয়া নামের অপর দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আপনার মন্তব্য